আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে সাধারণ আসনের ২৯৯ জন এবং সংরক্ষিত আসনের ৫০ জন সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গেজেট আকারে ভোটার তালিকা প্রকাশ করে। একই দিন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলও ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
প্রকাশিত তালিকায় সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নামও রয়েছে। এ বিষয়ে ইসি কর্মকর্তারা জানান, দলীয়ভাবে বহিষ্কৃত হলেও তিনি এখনো আইনগতভাবে সংসদ সদস্য পদে বহাল আছেন। তার সদস্যপদ নিয়ে স্পিকারের কাছে উত্থাপিত বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় বর্তমান আইন অনুযায়ী তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার হিসেবে বিবেচিত হবেন।
অন্যদিকে, উচ্চ আদালতের নির্দেশে সদস্যপদ বাতিল হওয়ায় চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্যকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একজন মাত্র বৈধ প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।