বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরার শালিখা উপজেলায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে সেখানে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় আড়পাড়া বাজার স্ট্যান্ডস্থ দলের প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আড়পাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন সিকদার, জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও শালিখা উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।