বর্ণাঢ্য ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও শহীদ মতিউর রহমান জেলা অডিটোরিয়াম চত্বরে ব্যান্ড পার্টির তালে জাতীয় পতাকার পাশাপাশি বিএনপির দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
দিনের কর্মসূচির অংশ হিসেবে হরিহর নদীর উন্মুক্ত পানিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।
বিকেলে শহীদ মশিউর রহমান জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মফিজুর রহমান। উপজেলা বিএনপির সহ-সভাপতি জি.এম. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মশিউর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির অসুস্থ নেতা অ্যাডভোকেট মুজিবর রহমানের খোঁজখবর নেওয়া ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।