বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি তাঁদের আত্মার শান্তি ও মাগফিরাতের জন্য উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “আমাদের এই বিশ্ববিদ্যালয় যার কল্যাণে আমরা পেয়েছি, বেগম খালেদা জিয়ার জন্য আমরা সবসময় দোয়া করব। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোশাররাফ হোসেন। তিনি বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শামছুল আরেফিন।
পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমামের পরিচালনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, নারীদের নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জকসু প্রতিনিধি, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে দোয়া মাহফিলে অংশ নেন।