ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ৭ জন নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মারা যান সিলেট নগরের সোবহানীঘাট এলাকার বাসিন্দা ও মহাজনপট্টির দোকান কর্মচারী সপ্তম রায় প্রীতম (২৫)। এর আগে আহত শিশু জাইফারও মৃত্যু হয়।
নিহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া অন্যদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার হাজী সাইফুল ইসলাম, দক্ষিণ সুরমার চণ্ডিপুর এলাকার জাহাঙ্গীর আলমের শিশু কন্যা জাইফা এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পেহেলী ভৈরবী (১৭)।
হাসপাতাল সূত্রে আরও জানা যায়, দুর্ঘটনায় আহত অন্তত ১৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকার দিক থেকে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।