জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোভ্যানসহ ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—কালাই উপজেলার আঁওড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৬), মৃত আব্দুল জলিলের ছেলে হারুন উর রশীদ (৪৫), দেলোয়ার হোসেনের ছেলে সুমন ইসলাম (৩০) এবং দেলদার হোসেনের ছেলে শাহারুল ইসলাম (২৮)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কালাই উপজেলার মাত্রাই বাজারের কুলি শ্রমিক অফিসের সামনে থেকে একটি অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
পালানোর সময় ছিনতাইকারীরা পাঁচবিবি থানার শাইলট্টি বাজার এলাকার বিন্নিপাড়া চারমাথা মোড়ে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ছিনতাইকৃত অটোভ্যানসহ চক্রের চার সদস্যকে আটক করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া অটোভ্যানসহ চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।
এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, এলাকায় অটোভ্যান ও ইজিবাইক ছিনতাই রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।