মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার বিকেলে তারা নিহতের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান। পরে সীমান্ত হত্যা ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন তারা।
নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্তে নিহতদের একমাত্র পরিচয় তারা বাংলাদেশের নাগরিক। তিনি অভিযোগ করেন, বাংলাদেশি হওয়ার কারণেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তারা প্রাণ হারাচ্ছেন। তিনি সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
তিনি বলেন, শুধু সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করলেই সমস্যার সমাধান হবে না। সীমান্ত অঞ্চলে হাসপাতাল, স্কুল-কলেজ, কর্মসংস্থানসহ মৌলিক সেবার ঘাটতি দূর করে সীমান্তবাসীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এছাড়া ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ ও দৃঢ় পররাষ্ট্রনীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বিজিবিকে আধুনিক অস্ত্র, টহল যান, প্রয়োজনীয় অবকাঠামো এবং উন্নত বেতন-ভাতা দিয়ে আরও শক্তিশালী করার দাবি জানান। এনসিপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
সমাবেশে সারজিস আলম বলেন, সীমান্তে অন্যায় ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি আগামীর বাংলাদেশে হতে দেওয়া হবে না। তিনি সীমান্ত এলাকার মানুষকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমান্তের প্রতিটি নাগরিককে একজন বিজিবি সদস্যের মতো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। সীমান্তে দায়িত্ব পালনকারী প্রতিটি বিজিবি সদস্যের পাশে হাজারো মানুষকে দাঁড়াতে হবে।
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, দলটি যদি জনগণ ও দেশের সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নেয় এবং ভারতের সঙ্গে সমমর্যাদায় কথা বলতে পারে, তাহলে এনসিপির পাশাপাশি দেশের ছাত্র-জনতাও তাদের পাশে থাকবে।
এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, নিহত মুজিব আলীর পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস, জেলা আহ্বায়ক খালেদ হাসান, উপজেলা আহ্বায়ক মো. ফারুক উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্যসচিব মাহবুব জামান শিহাব, জেলা সদস্য কারি আবু রুকিয়ান, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ রায়েল এবং জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক তৌফিক ইসরাইল মাহদি।