কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়ডেইল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হলে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। অভিযানে ইজিবাইকে থাকা দুইজনকে মাদক কারবারি হিসেবে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।