রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দিবস ২০২৬—হৃদয়ে ঢাকা’ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের পরিচালক, বিএনসিসি, রোভার স্কাউটস, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে শোভাযাত্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রদর্শন করা হয় বিভিন্ন ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক উপকরণ। এর মধ্যে বড় আকারের স্টিমার, বাকরখানি, জিলাপি, ঘুড়ি ও নাটাইয়ের প্রতিকৃতি ছিল অন্যতম আকর্ষণ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের শিল্পী ও শিক্ষার্থীরা সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। তাদের পরিবেশনায় পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক ফুটে ওঠে।
শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক, কোর্ট চত্বর, রায়সাহেব বাজার, গুলিস্তান জিরো পয়েন্ট ও শিক্ষা ভবনের পাশ দিয়ে নগর ভবনে গিয়ে শেষ হয়।
ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্ণিল অংশগ্রহণ শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে। ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা পুরান ঢাকার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।