রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চম ব্যাচ।
রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত ফাইনাল খেলায় তৃতীয় ব্যাচকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় পঞ্চম ব্যাচ। ফাইনালে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেন। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পঞ্চম ব্যাচ।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও বিভাগের শিক্ষকরা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পদক তুলে দেন। একইসঙ্গে রানার্সআপ তৃতীয় ব্যাচের খেলোয়াড়দেরও সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, সুস্থ প্রতিযোগিতার মানসিকতা ও পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।