ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা ভবনের ১০২ নম্বর কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণিত বিভাগের শিক্ষার্থী মোব্বাসের রহমান। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক আরমিন খাতুন, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু শিবলী মো. ফাতেহ আলী চৌধুরী, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইনজামুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ড. মো. পারভেজ হাসান এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. আবু রুম্মান রেফাত।
বিশেষ অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার অপব্যবহার না করে নিয়মিত পড়াশোনা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্য অর্জন সম্ভব।
নবীন শিক্ষার্থীরা বলেন, রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি তাদের কাছে একটি পরিবারের মতো। নিজ জেলা থেকে অনেক দূরে বিশ্ববিদ্যালয়ে এসে নতুন পরিবেশে পথচলায় সংগঠনটির সহযোগিতা ও পাশে থাকার প্রত্যাশা করেন তারা।
সভাপতির বক্তব্যে মোব্বাসের রহমান বলেন, “রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি কেবল একটি সংগঠন নয়, বরং এটি একটি পরিবার। এখানে সবাই ঐক্যবদ্ধভাবে একে অপরের বিপদে পাশে দাঁড়াবে।”
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়া এবং সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে শক্তিশালী নেটওয়ার্কিং তৈরি করতে হবে।
এ সময় তিনি জানান, সংগঠনের জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা বা অর্থ আদায়ের কোনো চাপ নেই। ভবিষ্যতে অ্যালামনাই প্রোগ্রাম আয়োজন এবং সিনিয়রদের সহযোগিতায় সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।