ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যানসার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, চারা বিতরণ ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ, ইবি ইউনিটের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ কর্মসূচি শুরু হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, গাছের চারা বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ করা হয়।
সংগঠনের সভাপতি বলেন, ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ইসলামী বিশ্ববিদ্যালয় ইউনিটটি ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। ক্যানসার সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে অ্যান্টি-ক্যানসার ফলের গুরুত্ব তুলে ধরাই তাদের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, সংগঠনটি ইতোমধ্যে ক্যানসার সচেতনতা ক্যাম্পেইন, ফ্রুট বাস্কেট বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছে। ভবিষ্যতে মাসব্যাপী টেলিমেডিসিন সেবা চালুর পাশাপাশি ক্যানসার চিকিৎসার জন্য একটি ক্লিনিক প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া সংগঠনটি বিভিন্ন লিডারশিপ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।
কর্মসূচিতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক ইবনে আয়ুব এবং সংগঠনের উপদেষ্টা দীপ্তি চৌধুরীর পরামর্শ ও সহযোগিতার কথা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা তৈরিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।