পবিত্র হজের গুরুত্ব, ফজিলত ও সঠিক নিয়ম-কানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রুপের বয়ড়া কেন্দ্রীয় জামে মসজিদে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রুপের বয়ড়া কেন্দ্রীয় জামে মসজিদে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে এলাকার সম্মানিত হাজী, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
সম্মেলনে হজের গুরুত্ব, ফজিলত ও উদ্দেশ্য, হজের মাসায়েল ও সঠিক নিয়ম-কানুন, হজ সফরের প্রস্তুতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পবিত্র মক্কা-মদিনার বিভিন্ন স্থানসমূহের আদব, করণীয়-বর্জনীয় এবং হজ থেকে ফিরে ইসলামী জীবনযাপনের গুরুত্ব নিয়েও আলোচনা করেন বক্তারা।
সম্মেলনে উপস্থিত মুরুব্বি ও আলেম-ওলামাগণ হজের রুহানি তাৎপর্য, বাইতুল্লাহর মেহমানদের মর্যাদা এবং হজের শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। যারা পবিত্র হজ পালনের নিয়ত করেছেন, মহান আল্লাহ যেন তাদের হজ কবুল করেন—এমন দোয়া করা হয়। পাশাপাশি যারা এখনো হজ পালনের সুযোগ পাননি, তাদের পবিত্র কাবা শরিফ ও মদিনা মুনাওয়ারা জিয়ারতের তৌফিক কামনা করা হয়।
মসজিদ কমিটির পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত সকল হাজী, আলেম-ওলামা ও মুসল্লিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানানো হয়।
রুপের বয়ড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতী আতিকুর রহমান নোমানী বলেন, হজের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একজন মুসলমানের জীবনকে আরও সুন্দর ও পরিশুদ্ধ করা সম্ভব।
সম্মেলন শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।