মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বাংলাদেশি। হত্যাকাণ্ডের অভিযোগে তাদেরই এক সহকর্মী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস এ তথ্য জানায়।
নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক বাংলাদেশিকে আটক করা হয়। পরে তদন্তের একপর্যায়ে লিঙ্গির সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকা থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। একই ঘটনায় আহত আরেক বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ ধারাবাহিকতা জানতে তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। তবে হত্যার উদ্দেশ্য বা কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।