নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ১৬ জুলাই ২০২৬ রাতে মান্দা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে সতিহাট ঋষিপাড়া এলাকায় জিতেন্দ্র নাথ (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত লোকজনের সামনে বাড়িতে তল্লাশি চালিয়ে সিঁড়ির নিচে বিশেষ কায়দায় রাখা কালো পলিথিনে মোড়ানো ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। একই অভিযানে মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে জিতেন্দ্র নাথের স্ত্রী পলি রানী ঋষি (৩০)কেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, জিতেন্দ্র নাথ সীমান্ত এলাকা থেকে প্রতি সপ্তাহে ২ থেকে ৩ কেজি গাঁজা ১৫ থেকে ১৬ হাজার টাকা কেজি দরে কিনে ১৮ থেকে ২৯ হাজার টাকা কেজি দরে বিক্রি করতেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।