রংপুরের পীরগঞ্জে শমসের পাড়া বিলে ঘাস ধুতে গিয়ে পানিতে ডুবে ওয়াদুদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ তল্লাশির পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াদুদ মিয়া শমসের পাড়া বিলে ঘাস ধুতে যান। এ সময় অসাবধানতাবশত পানিতে পড়ে তলিয়ে যেতে থাকেন। ডুবে যাওয়ার সময় তিনি চিৎকার করে বাঁচার আকুতি জানান। বিষয়টি পাশের জমিতে কাজ করা এক কৃষকের নজরে এলে তিনি দ্রুত আশপাশের লোকজনকে খবর দেন।
পরে স্থানীয়রা বিলে নেমে ওয়াদুদ মিয়াকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি শুরু করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়ভাবে সন্ধান না পাওয়ায় পরে রংপুর থেকে ডুবুরি দলকে ঘটনাস্থলে ডাকা হয়।
রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টা ১১ মিনিটে পানিতে নেমে তল্লাশি শুরু করে। মাত্র তিন মিনিটের মধ্যেই, দুপুর ১টা ১৪ মিনিটে ওয়াদুদ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
ওয়াদুদ মিয়ার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।