পঞ্চগড় সদর উপজেলার পশ্চিম মোলানী এলাকায় মাদকবিরোধী অভিযানে মো. মামুন (৩২) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম মোলানী গ্রামের মিজানুর রহমানের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় পঞ্চগড় সদর থানার এসআই (নিরস্ত্র) চন্দন কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মামুনকে গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে আনুমানিক ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা গাঁজা ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতে মামুন নিজের দোষ স্বীকার করেন।
পরে ঘটনাস্থলেই পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, মাদক সেবন ও জনশৃঙ্খলা বিনষ্টের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।
পরে সাজা কার্যকরের জন্য মামুনকে সাজা পরোয়ানামূলে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়।