নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ৭টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ‘ক-জোনের’ অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তাররা হলেন—কুমিল্লার দেবিদ্বার থানার এমরান সাকিব (২৬), লাকসামের নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং লাঙ্গলকোটের মো. জোবায়ের (২০)। তারা বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, সন্ত্রাসী কার্যক্রমের উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় চিহ্নিত ‘মানিক গ্রুপের’ ওই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গত ১৮ আগস্ট ফতুল্লার শান্তিধারা এলাকায় প্রতিপক্ষ ‘মিলন-সাজিদ গ্রুপের’ সঙ্গে সংঘর্ষ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, বিশেষ কায়দায় তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।