| ঢাকা
নিউজ.জংশন
বিজ্ঞাপন
যেকোন ধরনের ওয়েব সাইট, ওয়েব এপ, বা সফটঅয়ার এর জন্য আজই যোগাযোগ করুন SYED CREATIONS এ। এক যায়গায় পাবেন সকল সমাধান। ফ্রী পরামর্শের জন্য কল দিন: ০১৮৩৭৫২২৯০২ নাম্বারে।
সারাদেশ

নবীগঞ্জে আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্ত ও পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৫:১৭
নবীগঞ্জে আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্ত ও পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর
সংগৃহীত ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫ নম্বর আউশকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি আরসিসি সড়ক নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ নম্বর ওয়ার্ডের সদরাবাদ গ্রামের ছালিম মিয়ার বাড়ি থেকে হযরত শাহ সদর উদ্দিন কোরেশী (রহ.) মাজার পর্যন্ত প্রায় ১০০ ফুট আরসিসি ঢালাই সড়ক নির্মাণের জন্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে প্রকল্পটির নির্মাণকাজ চলমান রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের নকশা অনুযায়ী ৪ সুতা রড ব্যবহারের কথা থাকলেও বাস্তবে ২ সুতা রড ব্যবহার করা হচ্ছে। এছাড়া সিমেন্ট ও বালির অনুপাত ৪:১ হওয়ার কথা থাকলেও প্রায় ৮:১ অনুপাতে মিশ্রণ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সড়কের স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. আসমা বেগমের সভাপতিত্বে প্রকল্পটির অনুমোদন দেওয়া হলেও বাস্তবায়নের সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে এলাকাবাসীর দাবি।

স্থানীয়দের ভাষ্য, নির্মাণকাজের বিভিন্ন অনিয়মের বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদের আশঙ্কা, অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রমের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মোস্তফা আহমেদ বলেন, ঢালাইয়ের উচ্চতা (হাইট) ঠিক আছে। বৃষ্টির কারণে সঙ্গে সঙ্গে পরিমাপ নেওয়া সম্ভব হয়নি। তিনি দাবি করেন, ১২ ইঞ্চি দূরত্ব বজায় রেখেই রড বসানো হয়েছে এবং নির্মাণকাজে প্রয়োজনীয় মান বজায় রাখা হয়েছে।

আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত মান নিশ্চিত করে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলাফল ও পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে স্থানীয়রা।


সম্পর্কিত খবর

SYED CREATIONS

যেকোন ধরনের ওয়েবসাইট, ওয়েব অ্যাপ বা সফটওয়্যারের জন্য আজই যোগাযোগ করুন। এক জায়গায় পাবেন সকল সমাধান!

০১৮৩৭৫২২৯০২