সরকারি কর্মঘণ্টায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ পাওয়ায় দুর্গাপুর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সোমবার (১৭ আগস্ট) দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম আলিম মাদ্রাসা ও দেবীপুর উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, উপজেলা একাডেমিক সুপারভাইজারকে সঙ্গে নিয়ে ইউএনও ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় সরকারি নির্ধারিত কর্মঘণ্টা চলমান থাকলেও প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
সরকারি নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার কথা। কিন্তু নির্ধারিত সময়ে প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিষয়টিতে অসন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
তিনি জানান, সরকারি আদেশ অমান্য করে নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের আকস্মিক এ পরিদর্শন ও তাৎক্ষণিক পদক্ষেপে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।