প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের তৃণমূল স্বাস্থ্য কাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৪ আগস্ট) বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা রয়েছে। হেলথ হাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে দেওয়ার পাশাপাশি চিকিৎসক পদায়ন করা হবে।
তিনি বলেন, স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। একই সঙ্গে স্তন ও জরায়ু ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তে কাজ করবেন।
চিকিৎসা সুবিধা সম্প্রসারণের বিষয়ে মন্ত্রী বলেন, উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ১৫১টিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ডায়ালাইসিস সেবাও চালু করা হবে। জেলা হাসপাতালে ১০টি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মেডিকেল কলেজের শিক্ষক সংকট ও আইসিইউ সেবা প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে বন্ধ থাকা আইসিইউ এবং নতুন মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যসেবার মান উন্নত করার পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
মন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।