শরীয়তপুরের জাজিরায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের যৌথ অভিযানে ওয়াসিম মাদবর (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ওয়াসিম মাদবরকে গ্রেপ্তার করা হয়। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার ছাব্বিশপাড়া এলাকার নূরুল ইসলাম মাদবরের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট শরীয়তপুরের জাজিরা থানার চর ধুপুড়িয়া চরকান্দি এলাকায় বাদী মো. দিবর সরদারের বসতবাড়িতে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সংঘবদ্ধ হয়ে প্রবেশ করে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
পরে বাদীর বাবা আব্দুল মান্নান সরদারকে লাথি, কিল-ঘুষিসহ মারধর করে হত্যার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে জাজিরার টিএন্ডটি মোড়ের আগে আব্দুল মান্নান সরদারের মৃত্যু হয়।
গ্রেপ্তার ওয়াসিম মাদবরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।