বাংলাদেশের জ্বালানি খাতে দক্ষ জনবলের ঘাটতি রয়েছে উল্লেখ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেছেন, দেশের জ্বালানি খাতের শূন্যতা মেধাবী শিক্ষার্থীদের মেধা, শ্রম ও দক্ষতার মাধ্যমে পূরণ করা সম্ভব।
তিনি বলেন, দেশের জ্বালানি খাতে প্রয়োজনীয় দক্ষ জনবলের অভাব রয়েছে। এই ঘাটতি পূরণের লক্ষ্যেই পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ চালু করা হয়েছে। জ্বালানি খাতের সংশ্লিষ্টদের পিএমই বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা ও মেধা কাজে লাগানোর সুযোগ দিতে হবে। এতে তারা দেশের জ্বালানি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চুয়েটের পিএমই বিভাগের সেমিনার কক্ষে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের এখন থেকেই ধৈর্য, পরিশ্রম ও সততার সঙ্গে নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। সময়কে উৎপাদনশীল কাজে ব্যবহার করতে হবে এবং প্রতিটি কাজকে ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। তাহলেই প্রত্যেকে নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পদ্মা ওয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান, প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেডের হেড অব এইচএসই অ্যান্ড টেকনিক্যাল ইন্টিগ্রিটি প্রকৌশলী মীর জাহাঙ্গীর মো. সলিম, এমজেএল বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শাহীন আলম এবং বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী মো. জাকারিয়া জালাল।
অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করেন পিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন পিএমই ২০ ব্যাচের শিক্ষার্থী খাদিজা ইসলাম তামান্না ও সাদিকুজ্জামান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএমই বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম।