চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে নদীর পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে চরচাকলা মরা নদীর বন্যার পানিতে গোসল করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো—সুমাইয়া (১২) ও সুরাইয়া (৮), তাদের বাবা নিজাম উদ্দিন; সুমাইয়া (১১) ও আদিবা (৯), তাদের বাবা মাসুদ আলী এবং শরিফা খাতুন (১১), বাবা শরিফুল ইসলাম। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার জুমার নামাজের সময় পাঁচ শিশু বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। পরে পরিবারের কাউকে না জানিয়ে তারা বন্যার পানিতে গোসল করতে নদীতে নামে। ধারণা করা হচ্ছে, কেউ সাঁতার না জানায় একসঙ্গে পানিতে ডুবে যায় তারা।
স্থানীয় বাসিন্দা কবিরুল ইসলাম জানান, জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ পুরুষ মসজিদে ছিলেন এবং নারীরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে শিশুরা খেলতে খেলতে নদীর পানিতে নেমে পড়ে।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে পানির নিচ থেকে একে একে পাঁচ শিশুকে উদ্ধার করা হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
একই গ্রামের পাঁচ শিশুর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চরচাকলা এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
স্থানীয়রা বলছেন, বন্যাকবলিত ও নদী-খালবেষ্টিত এলাকায় শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকা জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ নদী ও জলাশয়ে শিশুদের গোসল ও চলাচল বন্ধে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।