চট্টগ্রামের সদরঘাট এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযানে নেমে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা গেলেও বাকি টাকা তারা অনলাইন জুয়া খেলে খরচ করে ফেলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের আগে পোস্ট অফিস সংলগ্ন একটি জামে মসজিদের ইমাম তামজিদ রহমান তার অফিস কক্ষে ২ লাখ ২০ হাজার টাকা রেখে যান। আসরের নামাজের পর কক্ষে গিয়ে তিনি টাকাগুলো না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি অফিস কক্ষ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছেন।
রাত সাড়ে ৯টার দিকে ইমাম সদরঘাট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে আরিফ (৩৬) নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়।
পরে এএসআই ইসমাইল ও মোশফিকের নেতৃত্বে পুলিশের একটি দল হালিশহর থানার ঈদগাহ বরফকল এলাকার সোনা শাহ মাজারসংলগ্ন শফি সওদাগরের বাড়িতে অভিযান চালিয়ে আরিফকে আটক করে। তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আরেকটি অভিযানে মো. সুমন (৩৬) নামের আরেকজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধারকৃত টাকার পরিমাণ ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া অবশিষ্ট টাকা অনলাইন জুয়ায় ব্যয় করেছে অভিযুক্তরা।