মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে দেশটির প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman।
রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের শুধু দাবি নয়, দেশের প্রতি নিজেদের কর্তব্য নিয়েও ভাবতে হবে। তিনি সবাইকে দেশের উন্নয়ন ও কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “আমরা দেশ থেকে কী নেব, সেই চিন্তা থেকে বেরিয়ে এসে দেশকে কী দিতে পারি, সে বিষয়ে ভাবতে হবে। সবাই মিলে কাজ করলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অপশাসনে দেশের ক্ষতি হয়েছে। তবে জনগণের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে দেশ নতুন সম্ভাবনার পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বিএনপির বিভিন্ন নির্বাচনি অঙ্গীকারের কথাও তুলে ধরেন। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, দেশের সামনে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে সেই লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম, ধৈর্য ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের কাজের প্রশংসা করে তিনি বলেন, কুয়ালালামপুরের পরিচ্ছন্নতা ও উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদেশে তারা যেভাবে দক্ষতার সঙ্গে কাজ করছেন, দেশে ফিরেও একইভাবে অবদান রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
১/১১-পরবর্তী সময়ের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি দেশের কোনো উপকারে আসে না। তাই সবাইকে এসব মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রবাসীদের উদ্দেশে তিনি আরও বলেন, “দেশের প্রতি আপনাদের যেমন দাবি আছে, তেমনি কর্তব্যও আছে। আমরা সবাই মিলে দেশ গঠনের কাজে অংশ নিলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।”
এ সময় তিনি জানান, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের স্বার্থ ও সুবিধা বাড়ানোর লক্ষ্যে দেশটির সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করবেন এবং স্থানীয় আইনের আওতায় সর্বোচ্চ সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা করবেন।
দুই দিনের সরকারি সফরে থাকা তারেক রহমান সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।