প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টে বাংলাদেশে সংঘটিত আন্দোলন ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই এ আন্দোলন সফল হয়েছে। তিনি বলেন, সর্বস্তরের মানুষের সক্রিয় সম্পৃক্ততাই আন্দোলনের সাফল্যের মূল কারণ।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-এ আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের সাফল্যের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়; এটি দেশের সর্বস্তরের জনগণের অর্জন। তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীসহ গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে ছিল এবং কখনো জনগণকে একা রেখে মাঠ ছাড়েনি।
সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আন্দোলন, সংগ্রাম ও তর্ক-বিতর্কের সময় পেরিয়ে এখন দেশ পুনর্গঠনের সময়। তিনি ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করে দেশের পুনর্গঠন এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।