খায়রুল কবির খোকন বলেছেন, বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকার সমাজকল্যাণমূলক সংস্কারে কোনো কাজ করেনি। তারা জনগণের কল্যাণের পরিবর্তে লুটপাট নিয়ে ব্যস্ত ছিল। জনগণের জন্য কাজ না করায় আজ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন এবং নির্বাহী আদেশে তাদের দল নিষিদ্ধ হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পাঁচ বছরে পর্যায়ক্রমে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তিনি দাবি করেন, সরকারের চার মাসের কার্যক্রমেই সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে কোনো সরকারের আমলে এত অল্প সময়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের এমন উদাহরণ খুব কম রয়েছে। তিনি দাবি করেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এটি সম্ভব হয়েছে।
এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সামাজিক কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী পৌর শহরের কান্দাপাড়ায় প্রায় শতবর্ষী ঐতিহাসিক প্রসন্ন সাহার পুকুর পুনরায় ব্যবহারোপযোগী ও পরিচ্ছন্ন করার কার্যক্রম পরিদর্শন করেন খায়রুল কবির খোকন।
এ সময় তিনি নরসিংদী সরকারি মহিলা কলেজ-এর সামনে একটি অভিভাবক ছাউনির উদ্বোধন, প্রসন্ন সাহার পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পুকুরপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সিদ্দিকুর রহমান নাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিরীন সুলতানা, সুরুজ কুমার সাহা, মাখন দাস এবং দীপঙ্কর সাহা রানাসহ বিএনপি ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের নেতারা।