মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দলটি যদি তাদের অতীতের অবস্থান স্বীকার করে ক্ষমা প্রার্থনা করত, তাহলে বর্তমানের অনেক রাজনৈতিক বিতর্ক ও সমস্যার সৃষ্টি হতো না।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “একাত্তরের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে আজকে সমস্যাগুলো হতো না।”
তিনি আরও বলেন, “আপনাদের নেতা গোলাম আজম বলেছিলেন, ‘একাত্তরে আমরা ভুল করি নাই’। এখনো সময় আছে ভেবে-চিন্তে দেখুন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরুন। এটা স্বীকার করে নিলে রাজনীতি করা আরও সহজ হবে।”
জামায়াতের নেতাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের উপেক্ষা করার চেষ্টা করছেন, ক্ষুব্ধ করার চেষ্টা করছেন। কিন্তু আমি মনে করি, এখন সেই সময় নয়। নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার। একাত্তর সম্পর্কে আপনারা স্পষ্ট করে কিছু বলেন না।”
তিনি দাবি করেন, আজ পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে তাদের অবস্থান নিয়ে সুস্পষ্ট বক্তব্য তিনি শোনেননি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, তারা এমন একটি দলের সঙ্গে জোট করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি।
তিনি বলেন, “আমি আশা করব, তারা তাদের রাজনীতিকে আরও পরিষ্কারভাবে সামনে নিয়ে আসবে। এই নবীন রাজনীতিবিদদের অনেক ভবিষ্যৎ আছে। আমরা চাই তারা ভালো করুক। তবে বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করেছে, এমন কোনো রাজনৈতিক অবস্থানের সঙ্গে যেন তারা নিজেদের সম্পৃক্ত না রাখে।”