বিশ্বকাপের শেষ বত্রিশের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটিতে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জয়ী দল উঠবে পরের পর্বে, আর হেরে যাওয়া দলের সঙ্গে শেষ হতে পারে দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের বিশ্বকাপ অধ্যায়।
বিশ্বকাপে শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে পর্তুগাল। তবে গ্রুপ পর্বে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি তারা। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ড্র করার পর উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ালেও শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ছিল নিষ্প্রভ। দলের মতোই নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা রোনালদোও সেভাবে ছাপ রাখতে পারেননি।
তবে পর্তুগালের আক্রমণভাগ ও মিডফিল্ড এখনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি। বিশেষ করে রোনালদো নিজের ছন্দ ফিরে পেলে এক মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। নকআউট ম্যাচে তাঁর দিকেই তাকিয়ে থাকবে পর্তুগিজ সমর্থকরা।
অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া এবার তুলনামূলক নতুন দল নিয়ে খেলছে। ইংল্যান্ডের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পানামা ও ঘানার বিপক্ষে টানা দুই জয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে দলটি।
ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ মনে করেন, তাঁর দল ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরছে। নকআউটে ওঠার পর তিনি বলেন, কৌশলগত দিক থেকে দল দারুণ খেলেছে এবং এখন তারা আরও বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।
পর্তুগালের বিপক্ষেও একই আত্মবিশ্বাস ধরে রাখতে চায় ক্রোয়েশিয়া। অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের নেতৃত্বে সর্বশক্তি দিয়েই মাঠে নামবে তারা।
দুই দলের পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে পর্তুগালকে। এখন পর্যন্ত দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে পর্তুগাল, একটিতে জিতেছে ক্রোয়েশিয়া এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।
নকআউটের এই মহারণে তাই লড়াই শুধু দুই দলের নয়, দুই কিংবদন্তিরও। শেষ পর্যন্ত রোনালদো নাকি মদ্রিচ, কার বিশ্বকাপের স্বপ্ন বেঁচে থাকবে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা।