বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার রুদ্ধশ্বাস লড়াই শেষে বিতর্ক এখন মাঠ ছাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়া।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার ৩-২ গোলের জয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লেতেক্সিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অসংখ্য ফুটবল সমর্থক। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রল, কটূক্তি ও আক্রমণাত্মক মন্তব্যের বন্যা বয়ে যায়।
প্রথমদিকে পরিস্থিতি সামাল দিতে নিজের পোস্টের মন্তব্য (কমেন্ট) সীমিত করে দেন এই ফরাসি রেফারি। তবে সমালোচনা থামেনি। শেষ পর্যন্ত চাপের মুখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই বন্ধ করে দেন তিনি।
ম্যাচের সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয় যোগ করা সময়ে। মিসরের দাবি, প্রতিপক্ষের ডি-বক্সে তাদের খেলোয়াড় ফাউলের শিকার হলেও রেফারি পেনাল্টি দেননি। ওই ঘটনার পরপরই পাল্টা আক্রমণে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল করেন এনজো ফার্নান্দেজ। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। মিসরীয় ফুটবল ফেডারেশন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়া ও তার রেফারিং প্যানেলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি, গুরুত্বপূর্ণ কয়েকটি ভুল ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই দলটি অন্যায়ভাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
এদিকে এ ঘটনায় এখনো ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।