ফুটবল কখনো কখনো এমন গল্প লিখে, যা হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। ২০২৬ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়ের নায়ক ২৬ বছর বয়সী গোলরক্ষক অরল্যান্ডো গিল সেই রকমই এক গল্পের নাম।
ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামে ১২০ মিনিটের লড়াই শেষে টাইব্রেকারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। ম্যাচজুড়ে জার্মানির একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার গিল। এরপর টাইব্রেকারেও দুটি গুরুত্বপূর্ণ পেনাল্টি রুখে দিয়ে হয়ে ওঠেন ম্যাচসেরা।
কিন্তু এই নায়কের গল্প শুরু হয়নি সবুজ ঘাসের মাঠে। ২০০০ সালের ১১ জুন প্যারাগুয়ের সান লরেঞ্জোতে জন্ম নেওয়া অরল্যান্ডো ড্যানিয়েল গিল নলডিনের শৈশব কেটেছে চরম আর্থিক সংকটের মধ্যে। পরিবারের অভাব এতটাই প্রকট ছিল যে সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে তাকে বিক্রি করতে হয় নিজের খেলার বুট, অনুশীলনের সরঞ্জাম, এমনকি অনূর্ধ্ব-২০ জাতীয় দলের স্মৃতিবিজড়িত জার্সিটিও। পরে তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে সেই কঠিন সময়ের কথা তুলে ধরলে বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় আসে।
বিশ্বকাপটাও গিলের জন্য সহজ ছিল না। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে বড় ব্যবধানে হারের পর সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি প্যারাগুয়ের কিংবদন্তি গোলরক্ষক হোসে লুইস চিলাভার্টও তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু সমালোচনার জবাব তিনি দিয়েছেন মাঠেই। গ্রুপ পর্বের পর নকআউটে জার্মানির বিপক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রমাণ করেছেন, কঠিন সময়ই প্রকৃত যোদ্ধাকে তৈরি করে।
ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে গিল বলেন, "আমরা প্রতিপক্ষের প্রতিটি খেলোয়াড়কে নিয়ে আলাদাভাবে বিশ্লেষণ করেছি। ঈশ্বরের রহমতে দুটি পেনাল্টি ঠেকাতে পেরেছি। এই জয় পুরো প্যারাগুয়ের মানুষের জন্য।" একই সঙ্গে তিনি জার্মান কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে নিজের আদর্শ বলে উল্লেখ করেন এবং বলেন, তার বিপক্ষে জয় পাওয়া এখনো অবিশ্বাস্য লাগছে।
প্যারাগুয়ের স্থানীয় ক্লাব থেকে উঠে এসে আর্জেন্টিনার সান লরেঞ্জো ক্লাবে নিজের জায়গা করে নেওয়া গিল এখন বিশ্ব ফুটবলের আলোচিত নাম। ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরও ইতোমধ্যে পড়েছে তার ওপর।
অরল্যান্ডো গিলের গল্প শুধু একজন গোলরক্ষকের নয়। এটি একজন সংগ্রামী বাবার গল্প, যিনি সন্তানের জীবন বাঁচাতে নিজের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলো বিক্রি করেছিলেন। আজ সেই মানুষটির দুই হাতই বিশ্বকাপের মঞ্চে একটি জাতির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।
হয়তো এ কারণেই ফুটবলকে শুধু একটি খেলা বলা যায় না। কখনো কখনো এটি হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর প্রত্যাবর্তনের গল্প।