অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের মঞ্চে বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া ম্যাচে ৭৬তম মিনিটে মাঠে নামেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
মাঠে নামার পর সীমিত সময় খেললেও নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন নেইমার। কয়েকবার আক্রমণে অংশ নেওয়ার পাশাপাশি ভালো অবস্থান থেকে একটি শট নেন এবং দুটি কর্নার কিকও আদায় করেন। তবে দীর্ঘ বিরতির প্রভাব তার খেলায় কিছুটা স্পষ্ট ছিল। বল নিয়ন্ত্রণ, প্রেসিং এবং পাসিংয়ে আগের সেই চেনা ক্ষিপ্রতা পুরোপুরি দেখা যায়নি।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নেইমার বলেন, “আমার হৃদপিণ্ড জোরে ধুকপুক করছিল। খুব স্নায়ুচাপ অনুভব করছিলাম। তবে শেষ পর্যন্ত আমি খুশি এবং গর্বিত। সবকিছু ভালোভাবেই হয়েছে।”
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল দলের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগ পাননি তিনি। হাইতির বিপক্ষে আগের ম্যাচে দলে ছিলেন না; আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন। পরে স্কটল্যান্ড ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে মাত্র তিন দিন অনুশীলন করেন। প্রায় তিন বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেও নিজের শারীরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী নেইমার।
ফিটনেস প্রসঙ্গে তিনি বলেন, “আমি শতভাগ ফিট, শতভাগ।”
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত বার্তাও পোস্ট করেন নেইমার। সেখানে তিনি লেখেন, “মনে রেখো, তুমি কে।” পরে জানা যায়, গত জুনে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার সময় একই বার্তা ব্যবহার করেছিলেন কিংবদন্তি রেসিং ড্রাইভার Lewis Hamilton। সেই অনুপ্রেরণাদায়ক বার্তাকেই এবার নিজের প্রত্যাবর্তনের প্রতীক হিসেবে তুলে ধরেছেন ব্রাজিলিয়ান তারকা।